Web Analytics

রাজধানীর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ১৭ বছর বয়সী গার্মেন্টসকর্মী সায়মনকে ছিনতাইয়ের পর হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। মঙ্গলবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান। আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন। একই মামলায় সুজন নামে আরেক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবুল কালাম আজাদ রায়ের তথ্য নিশ্চিত করেছেন। কারাগারে থাকা ইউসুফ, ইকবাল ও মেহেদীকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয় এবং সাজা পরোয়ানা দিয়ে পরে কারাগারে পাঠানো হয়। সুজন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ১১ অক্টোবর বেতন নেওয়ার পর বাড়ি ফেরার পথে সায়মনকে ভয় দেখিয়ে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়। টাকা ও মোবাইল দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করা হয় এবং তার টাকা ও ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ২০২৩ সালের ৩১ জানুয়ারি অভিযোগপত্র দেয়; ২ আগস্ট অভিযোগ গঠনের পর শুরু হওয়া বিচারে ১৮ জন সাক্ষ্য দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।