সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং ২৪ অক্টোবর থেকে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
আরিফ উদ্দিন ইতি জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে। এই সময়ে বন্দরের আন্তর্জাতিক আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের ভেতরে থাকা পণ্যের খালাস, পরিবহন ও গুদামজাতকরণের কাজ সীমিত পরিসরে চলবে। অন্যদিকে, সোনামসজিদ ইমিগ্রেশনের ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ বন্ধের কারণে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।