প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারিত্ব ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। রোববার রাতে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠকে তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজ ও দখলদারদের কোনো জায়গা নেই এবং দলের নাম ব্যবহার করে অন্যায় করে কেউ পার পাবে না। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তারেক রহমান দলজুড়ে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং নিজ নিজ এলাকায় নজর রেখে নেতাকর্মীদের অপরাধে জড়ানো ঠেকাতে সংসদ সদস্যদের বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও স্থানীয়ভাবে চাঁদাবাজি প্রতিরোধ এবং অপরাধে জড়িত দলীয় সদস্যদের প্রশ্রয় না দিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বৈঠকে আইনশৃঙ্খলা, সরকারি কার্যক্রমের জবাবদিহি ও সংসদ সদস্যদের দায়িত্ব নিয়েও আলোচনা হয়।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে সমর্থনের নির্দেশ দেওয়া হয় এবং স্বজনপ্রীতির মাধ্যমে প্রার্থী না করতে সতর্ক করা হয়। নূরুল ইসলাম মনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী নিশ্চিতের চেষ্টা করবে; নির্বাচন দলীয় প্রতীকে হবে না। দুর্গাপূজায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের সক্রিয়ভাবে পাশে থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।