তিন দিনব্যাপী ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬’ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে। এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুর রহিম খান মেলার উদ্বোধন করেন। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মেলায় দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সর্বশেষ প্রযুক্তি, যন্ত্রাংশ ও উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হচ্ছে।
বক্তারা বলেন, এলডিসি থেকে উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা কমে যাওয়ার প্রেক্ষাপটে খাতটির সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি উন্নয়ন ও নীতিগত সহায়তা জরুরি। বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি জানান, প্রায় ৮ বিলিয়ন ডলারের অভ্যন্তরীণ বাজারসহ রপ্তানি বাজারও বড় সুযোগ তৈরি করছে, তবে পণ্যের মান ও উৎপাদন দক্ষতা বড় চ্যালেঞ্জ।
বাইশিমাস সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, প্রায় ৫০ হাজার ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এই খাতে যুক্ত, যেখানে ৩ লাখ দক্ষ কর্মী কাজ করছেন এবং খাতটি জিডিপিতে প্রায় ৩ শতাংশ অবদান রাখছে। যথাযথ নীতি সহায়তা ও বিনিয়োগ বাড়ানো গেলে ২০৩০ সালের মধ্যে রপ্তানি ১২.৫৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।