জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। মঙ্গলবার রাজধানীতে পাঁচ দফা দাবিতে এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রার আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, হাসিনা রাষ্ট্রের কাছে বিমান চেয়েছেন এবং তাঁর দেশে ফেরা নিয়ে আলোচনা রাজনৈতিক নাটক ও মিডিয়া স্ট্যান্ডবাজি। তাঁর মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু সমর্থককে উজ্জীবিত করতেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেন, ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে এবং দলটিকে বাংলাদেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই।
শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১২ নম্বরে শেষ হয়। হাসনাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি গণরায়, গণভোট ও সংস্কারের মাধ্যমে দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার কথা বলেন এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা কী, সেই প্রশ্ন তোলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।