স্মোক অ্যালার্ম বেজে ওঠার পর দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান ভারতের লক্ষ্ণৌতে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার সকালে আইএক্স ১২৫৩ ফ্লাইটটি উত্তরপ্রদেশের বারাণসী থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পর মাঝআকাশে অ্যালার্ম বেজে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপর পাইলট লক্ষ্ণৌ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। পাইলটের বার্তা পাওয়ার পর লক্ষ্ণৌ এটিসি বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। বিমানটি অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং বিমানটি বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়।
বিমানটিতে ১৫৫ জন যাত্রী ছিলেন। সূত্রে উদ্ধৃত আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি এবং বিমানে ধোঁয়ার কোনো চিহ্নও মেলেনি। ধোঁয়ার উপস্থিতি না থাকা সত্ত্বেও কেন স্মোক অ্যালার্ম বেজে উঠল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।