বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম আলীয়া মাদরাসার শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলার অভিযোগ করেছেন। রোববার সকালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আলিম প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর দাবি, পাঠ্যক্রমের পরিবর্তনের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের নৈতিকতা ও ঈমান-আকিদায় দুর্বল করার চেষ্টা হয়েছে।
সাদ্দাম দাবি করেন, ডারউইনের মতবাদ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করে একটি ‘ব্রাউনম্যান প্রজন্ম’ গড়ার ষড়যন্ত্র চলছিল। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার ও বিগত ‘ফ্যাসিবাদী সরকার’ আলীয়া মাদরাসার শিক্ষার্থীদের মুখ ফিরিয়ে নিতে শিক্ষাকাঠামোকে স্কুল-কলেজের মতো করেছে।
প্রধান আলোচক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, আগে ভালো ফল করেও মাদরাসা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও অর্থনীতি বিভাগে ভর্তি হতে বাধার মুখে পড়তেন। তিনি মাদরাসা শিক্ষাকে আরও উন্নত ও আধুনিক করার আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইসলামী সংগীত পরিবেশন করা হয়, যা হাজারো শিক্ষার্থী উপভোগ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।