গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। বৃহস্পতিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগও প্রকাশ করেন। এক বিবৃতিতে তিনি বলেন, এ ঘটনায় হাসপাতালে থাকা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে এবং ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ আরও বেড়েছে।
আল-বুদাইউই বলেন, এ ধরনের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে এসব লঙ্ঘনের অবসান ঘটানো এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান জিসিসি মহাসচিব।
ইসরাইলি হামলা বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং গাজায় নির্বিঘ্নে মানবিক সহায়তা ও চিকিৎসাসামগ্রী পৌঁছাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। ত্রাণ সংস্থাগুলো যাতে নিরাপদে কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটিও নিশ্চিত করার কথা বলেন আল-বুদাইউই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।