সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা যাচাই ও ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। বিমান চলাচল খাতসংশ্লিষ্ট সূত্রের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে। রিয়াদ বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম কবে শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়।
সূত্রগুলো জানিয়েছে, বিমানবন্দরের রাডার ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ব্যবস্থা পরীক্ষা করে নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পরই পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিমানবন্দর বন্ধ থাকায় জেদ্দা, মদিনা ও দাম্মামগামী এবং সেখান থেকে ছেড়ে আসা ফ্লাইটসহ সৌদি আরবের বিভিন্ন রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।
পাকিস্তানের বিমান চলাচলসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার পাকিস্তান ও রিয়াদের মধ্যে নির্ধারিত ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রিয়াদে আসা-যাওয়ার শত শত ফ্লাইট ইতোমধ্যে বাতিল বা বিলম্বিত হয়েছে। অন্যদিকে, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।