বিজ্ঞানীরা প্রথমবারের মতো মহাকাশের আন্তঃনাক্ষত্রিক অঞ্চলে চিনির অণু শনাক্ত করেছেন, যা প্রাণের উৎপত্তি বোঝার ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেন স্পেনের সেন্টার ফর অ্যাস্ট্রোবায়োলজির ড. ইজাসকুন জিমেনেজ-সেরা। গবেষকরা মিল্কিওয়ে গ্যালাক্সির নক্ষত্রগুলোর মাঝের ধুলিকণা ও গ্যাসপূর্ণ অঞ্চলে এই অণু শনাক্ত করেন, যা দীর্ঘদিন ধরে জটিল জৈব অণু তৈরির প্রাকৃতিক রাসায়নিক কারখানা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
ড. জিমেনেজ-সেরা জানান, অণুর উপস্থিতি নিশ্চিত করতে দলটি বারবার পরীক্ষা চালায়। এমআইটির অ্যাস্ট্রোকেমিস্ট ব্রেট ম্যাকগুয়ার এই আবিষ্কারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। বিজ্ঞানীরা বলেন, পৃথিবীতে আরএনএ ও ডিএনএ গঠনে চিনি অপরিহার্য হলেও প্রাথমিক পৃথিবীর পরিবেশে তা তৈরি করা সম্ভব হয়নি।
গবেষণায় বলা হয়েছে, নক্ষত্র ও গ্রহ গঠনের আগেই আন্তঃনাক্ষত্রিক পরিবেশে এসব চিনির অণু তৈরি হতে পারে এবং পরে গ্রহাণু ও ধূমকেতুর মাধ্যমে ৫ লাখ থেকে ৫ কোটি টন পর্যন্ত চিনি পৃথিবীতে পৌঁছায়। এই আবিষ্কার মহাবিশ্বের অন্যত্র প্রাণের সম্ভাবনাকেও আরও জোরালো করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।