জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের পর তাঁকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম। সামান্তা বৃহস্পতিবার বিকেলে এনসিপি থেকে পদত্যাগ করেন। এ বিষয়ে শুক্রবার সকালে ফেসবুকে পোস্ট দেন মাহফুজ আলম।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন সামান্তা শারমিন। মাহফুজ আলম তাঁর পোস্টে বলেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক সদস্যের জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ ও বিস্তারে যাঁদের মুখ্য অবদান ছিল, তাঁদের নিয়ে নোংরামি ও অপপ্রচার বাজে নজির। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন ঘটনা আগেও ঘটেছে এবং দল গঠনের সময়কার নেতৃত্ব এই নজির স্থাপন করেছিল।
মাহফুজ আলম বলেন, লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে মুখ্য ভূমিকা রাখা ব্যক্তিরা না থাকলে এত দ্রুত একটি দল গঠিত হতো না। জোটের কারণে যাঁরা চলে গেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান তিনি। তাঁরা দিনরাত পরিশ্রম করে দলটিকে একটি রূপ দিয়েছেন বলেও উল্লেখ করেন মাহফুজ। কৃতজ্ঞতা দেখানো না গেলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার স্বার্থে নীরব থাকার পরামর্শ দেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।