প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর অভিযোগ করেছেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী মুক্তিযুদ্ধের বয়ানের মতো জুলাই আন্দোলনকেও কুক্ষিগত করার চেষ্টা করছে। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এই অভিযোগ করেন এবং জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।
গণঅধিকার পরিষদের সভাপতি নুর বলেন, এই আন্দোলনের পেছনে বহু মানুষের অবদান ও ত্যাগ রয়েছে, যা তরুণ প্রজন্ম হয়তো জানে না। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এতে স্পষ্টভাবে বলা ছিল যে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো জনগণের কাছে নেওয়া হবে। বিএনপি যেসব বিষয়ে ভিন্নমত পোষণ করেছিল, সেগুলো বাস্তবায়ন করা স্বাভাবিক, তবে সত্যের সঙ্গে মিথ্যা জড়িয়ে অপপ্রচার করা উচিত নয়।
বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, তারা যেন তর্কের জন্য তর্ক না করে বরং আগামী পাঁচ বছর গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।