ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই জনসভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের জেলা থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে মাঠে জড়ো হন। মাঠ ও আশপাশের রাস্তাঘাটে মানুষের ঢল নামে। দলীয় পতাকা, ধানের শীষের প্রতীক এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুনে পুরো এলাকা সেজে ওঠে।
এই জনসভাকে কেন্দ্র করেই বিএনপির দেশব্যাপী নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তিনি এই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দিকনির্দেশনা দেবেন বলে দলীয় নেতারা জানান। জনসভাকে ঘিরে পুরো সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেটের এই জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার ও হবিগঞ্জে আরও কয়েকটি নির্বাচনি পথসভায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।