রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেছেন, নাশকতার ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে দেওয়া হবে না। বুধবার সন্ধ্যা ৬টায় দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।
রাহী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রনেতা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে ষড়যন্ত্র করছেন এবং এ বিষয়ে তাঁদের কাছে তথ্য এসেছে। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে অনলাইনে পড়াচ্ছেন বলে যেসব শিক্ষককে অভিযোগ করা হচ্ছে, তাঁদের ওপর নজর রাখা হচ্ছে। দেশে কোনো অরাজকতা হলে ওই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায় নিতে হবে বলেও তিনি দাবি করেন।
বক্তব্যে রাহী আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা ভাড়াটে লোকদের অর্থ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করছেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।